'আওয়ামী লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ': আসিফ নজরুল
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের 'রাজনীতিতে ফেরা' নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও অধ্যাপক আসিফ নজরুলের মধ্যে ফেসবুক পোস্ট ঘিরে এক ধরনের মতভিন্নতা তৈরি হয়েছে।
আজ বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, "আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।" কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ফেরা প্রসঙ্গে আসিফ নজরুলের এই তিন বাক্যের পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাত্র ৫৫ মিনিটে এই পোস্টে ১৩ হাজারের বেশি রিয়্যাক্ট ও সাড়ে তিন শতাধিক শেয়ার দেখা যায়।
এর আগে, গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের সাবেক আরেক উপদেষ্টা মাহফুজ আলম একটি দীর্ঘ ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে 'ব্যাক' বা ফিরে এসেছে। তবে তার ২৪ ঘণ্টার ব্যবধানে আসিফ নজরুল ভিন্নমত প্রকাশ করলেন। ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানের পর গঠিত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আসিফ নজরুলের পাশাপাশি তাঁর ছাত্র মাহফুজ আলমও উপদেষ্টা হিসেবে যুক্ত ছিলেন। নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের বিদায়ের তিন মাসের বেশি সময় পার হওয়ার পর এই দুই সাবেক সহকর্মীর এমন বক্তব্য সামনে এলো।
গতকাল মাহফুজ আলম তাঁর দীর্ঘ পোস্টে লিখেছিলেন, "লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে। কীভাবে ফিরল, সে গল্পই বলব আজ।"
জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মাহফুজ আলম আওয়ামী লীগের ফেরার পেছনে এক দীর্ঘ তালিকা তুলে ধরে বলেন, "লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ২৪–কে ৭১–এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরিণ সরকারের লোকজন কাজ করা শুরু করেছে... যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের মজলুমগণ।"
ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের মধ্যে ডানপন্থার উত্থানের আশঙ্কা এবং উগ্রবাদীদের নিরাপদ জায়গা করে দেওয়াকে আওয়ামী লীগের ফেরার জন্য সহায়ক মনে করেন মাহফুজ আলম। এছাড়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি লিখেন, "লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন ব্যবস্থা বিলোপের বদলে ন্যূনতম সংস্কার ও ঐকমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করা হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন থেকে 'বিএনপি ও অন্তরিণ সরকারের বিরুদ্ধে গেল আর 'বিএনপি ঠেকাতে জামাতকে কোলে নিল অন্তরিণ।"
Comments