পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংকিং খাত বিকেন্দ্রীকরণ করা হবে: অর্থমন্ত্রী
দেশের সামগ্রিক আর্থিক খাতে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে দ্রুততম সময়ের মধ্যে পুঁজিবাজার ও জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সব আর্থিক প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীভূত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার (২০ মে) রাজধানীর কারওয়ান বাজারে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত এক সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত বছরগুলোতে দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ধরে তীব্র অস্থিরতার মধ্য দিয়ে গেছে, যার ফলে অনেক প্রতিষ্ঠান প্রায় অকার্যকর হয়ে পড়েছে।"
ব্যাংক খাতের সুশাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন: "কোনো একক ব্যক্তি নিজেকে ব্যাংকের একচ্ছত্র মালিক দাবি করতে পারেন না। ব্যাংকের প্রকৃত মালিকানা সাধারণ শেয়ারহোল্ডারদের, আর ব্যাংকে থাকা অর্থ মূলত সাধারণ আমানতকারীদের।"
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বিগত সময়ের আর্থিক খাতের অনিয়মের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, অতীতে দেশের আর্থিক রিপোর্টিং ব্যবস্থা ছিল খামখেয়ালিপনায় ভরা, যার কারণে সাধারণ বিনিয়োগকারীরা প্রতিনিয়ত প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ব্যাংক খাতের সংকট নিয়ে তিনি আরও বলেন, সম্পদের সঠিক মূল্য ও জামানত যাচাই না করেই অনিয়মতান্ত্রিকভাবে বড় বড় ঋণ দেওয়ার একটি সংস্কৃতি তৈরি হয়েছিল। এর ফলেই ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ঋণের মুখে পড়েছে এবং একের পর এক বড় আর্থিক কেলেঙ্কারি ঘটেছে।
সামিটে বক্তারা দেশের আর্থিক খাতের পুনর্গঠন, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এফআরসি-সহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরও শক্তিশালী করার তাগিদ দেন।
Comments