জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী
জমিজমা সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, মামলার দীর্ঘসূত্রতা কমাতে প্রচলিত আইনের পাশাপাশি গ্রাম আদালত কিংবা বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে তিন দিনব্যাপী 'ভূমিসেবা মেলা'র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, আলোচনা, মধ্যস্থতা, সালিশ কিংবা পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে দেশের বিচারব্যবস্থায় বড় ইতিবাচক পরিবর্তন আসবে। এতে একদিকে যেমন আদালতে বছরের পর বছর ঝুলে থাকা মামলার জট কমবে, অন্যদিকে সাধারণ মানুষও খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধের সমাধান পাবেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র ভূমি ব্যবস্থাপনাই নয়, প্রতিটি জনবান্ধব কর্মসূচি নিয়েই জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় বর্তমান সরকার। বিগত দেড় দশকে ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে পিষ্ট দেশের মানুষ রাষ্ট্র ও রাজনীতিতে এখন নিজেদের অধিকারের প্রকৃত প্রতিফলন দেখতে চায়। সরকার এই আকাঙ্ক্ষাকে সম্মান জানায় এবং নির্বাচনী ইশতেহারের প্রতিটি ওয়াদা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
ভূমি সেবাকে আরও সহজ ও আধুনিক করার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন:
পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও 'ভূমি সেবা সহায়তা কেন্দ্র' স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নাগরিকদের হাতের মুঠোয় দ্রুত ভূমিসেবা পৌঁছে দিতে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে 'ভূমি'।
Comments