মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং, গাইছেন শাকিরা ও বুর্না বয়
সপ্তাহখানেক আগে এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে যে উন্মাদনার আভাস মিলেছিল, অবশেষে তা পূর্ণতা পেল। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত আসন্ন বিশ্বকাপের অফিসিয়াল থিম সং 'দাই দাই' (Dai Dai) বিশ্বজুড়ে বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ কুইন শাকিরা এবং নাইজেরিয়ান আফ্রোবিট তারকা বুর্না বয়।
আজ শুক্রবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে এই থিম সং মুক্তির ঘোষণা দেয়। ৩ মিনিট ৪৫ সেকেন্ডের এই গানটি ইতিমধ্যেই ফুটবল অনুরাগী ও সঙ্গীতপ্রেমীদের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।
ফিফা জানিয়েছে, এই থিম সং থেকে অর্জিত রয়্যালটির পুরো অর্থ জমা হবে ফিফার 'গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এ। টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত এই গান থেকে ১০ কোটি ডলার (১০০ মিলিয়ন) ফান্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্ব ফুটবল সংস্থা। এই অর্থ দিয়ে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে মাঠের এই লড়াই চলবে ১৯ জুলাই পর্যন্ত।
ফিফা আরও এক বড় চমকের ঘোষণা দিয়ে জানিয়েছে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচের 'হাফ-টাইম শো'-তে পারফর্ম করবেন বিশ্বসংগীতের তিন কিংবদন্তি ও জনপ্রিয় নাম—ম্যাডোনা, শাকিরা এবং কোরিয়ান পপ সেনসেশন বিটিএস ।
ফুটবল বিশ্বকাপের মঞ্চে শাকিরা অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় এক নাম। এর আগে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া 'ওয়াকা ওয়াকা' গানটি বিশ্বজুড়ে সর্বকালের অন্যতম সেরা বিশ্বকাপ থিম সং হিসেবে স্বীকৃতি পায়। এছাড়া ২০০৬ (জার্মানি) এবং ২০১৪ (ব্রাজিল) বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও মঞ্চ কাঁপিয়েছিলেন এই কলম্বিয়ান তারকা। এবার 'দাই দাই' গানের মাধ্যমে চতুর্থবারের মতো বিশ্বকাপের সাথে জড়িয়ে গেল শাকিরার নাম।
Comments