২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫১৮
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জনের শরীরে এই সংক্রামক ব্যাধির লক্ষণ ও উপসর্গ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে উপসর্গে। পাশাপাশি, এই সময়ে কেবল ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এর বাইরে ১ হাজার ৩৬৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সামগ্রিক পরিসংখ্যানে দেখা যায়: মোট মৃত্যু: ৪৩৯ জন (হাম ও উপসর্গসহ)। মোট উপসর্গযুক্ত রোগী: ৫৪ হাজার ৪১৯ জন। মোট ল্যাব নিশ্চিত শনাক্ত: ৭ হাজার ৩০৫ জন।
হাসপাতাল ও সুস্থতার তথ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৩৯ হাজার ১৬০ জন রোগী হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৯৬৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Comments