শি’র সঙ্গে ‘দারুণ’ বৈঠক হয়েছে: বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার দীর্ঘ প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকটি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় ধরে চলা এই আলোচনাটি প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়।
আলোচনার পর বেইজিংয়ের টেম্পল অব হেভেনে পৌঁছালে সাংবাদিকরা বৈঠকের ফলাফল জানতে চান। জবাবে ট্রাম্প সংক্ষেপে আলোচনাটিকে 'দারুণ' (গ্রেট) বলে অভিহিত করেন।
বৈঠকে ট্রাম্প জানান যে, তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন। তিনি শি জিনপিংকে উদ্দেশ্য করে বলেন, এই বিশিষ্ট ব্যক্তিরা শুধুমাত্র তাকে সম্মান জানাতেই এখানে এসেছেন। ট্রাম্প দুই দেশের মধ্যকার সুসম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, যেকোনো সমস্যায় তারা একে অপরকে কল দিয়েছেন এবং দ্রুত সমাধান খুঁজে বের করেছেন।
এই আলোচনাকে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করে ট্রাম্প ইতিবাচক ফলাফল পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর। বুধবার বেইজিং পৌঁছালে তাকে দেশটির শীর্ষ কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান।
উল্লেখ্য যে, তাইওয়ান ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে দুই পরাশক্তির মধ্যকার বাণিজ্যিক ও রাজনৈতিক বরফ গলার সম্ভাবনা তৈরি হয়েছে।
Comments