২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষাব্যবস্থা থেকে সেশনজট দূর করতে আগামী বছর (২০২৭) থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারির শেষে এসএসসি এবং জুনের শেষে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইইউটি)-র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে তৈরি হওয়া সেশনজট কাটিয়ে শিক্ষাপঞ্জি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে। শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ কমাতে এবং পাঠদান কার্যক্রম সুশৃঙ্খল করতে এই বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আক্ষেপ করে বলেন, "মন্ত্রণালয় বা নীতিনির্ধারকদের কোনো ত্রুটির কারণে যেন শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান সময় নষ্ট না হয়, সে জন্য আমরা সবকিছু সমন্বয় করছি।" তিনি আরও জানান যে, শুধু স্কুল-কলেজ নয়, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রমও নিয়মিত করার মাধ্যমে সেশনজট পুরোপুরি নির্মূল করা হবে।
আইইউটি-র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর হিসাইন আরবী নুরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Comments