ওমানে এসি গ্যাসে ৪ বাংলাদেশি ভাইয়ের করুণ মৃত্যু
ওমানের রাজধানী মাস্কাট থেকে ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে চার বাংলাদেশি সহোদরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। গত বুধবার (১৩ মে) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত চার ভাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বন্দারাজারপাড়ার বাসিন্দা আবদুল মজিদের সন্তান। তারা হলেন:
মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ, মো. শহিদ
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার শেষ মুহূর্তের কেনাকাটা সেরে কর্মস্থলে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাস ভেতরে ছড়িয়ে পড়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহগুলোর ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে দেশটির প্রশাসন।
একসঙ্গে চার ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। এই ঘটনায় ওমানে থাকা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝেও গভীর শোক ও সংহতি নেমে এসেছে।
এএ
Comments