বিচারপতি খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার (১৩ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদনটি জমা দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানায় করা দুটি হত্যা মামলায় খায়রুল হককে জামিন প্রদান করেন। জামিন পাওয়ার পর তার আইনজীবীরা জানিয়েছিলেন যে, বর্তমানে সব মামলায় জামিন থাকায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই; তবে রাষ্ট্রপক্ষ দ্রুতই এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে।
হাইকোর্টে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন।
গত ২৮ এপ্রিল প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় তার জামিন বহাল রেখে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছিলেন।
গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় জালিয়াতি এবং প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক মামলা দায়ের করেছে।
এ বি এম খায়রুল হক ২০১০ সালের সেপ্টেম্বরে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। ২০১১ সালের মে মাসে অবসরের পর তিনি দীর্ঘ সময় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Comments