হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয় ৩ শিশুর। হামের উপসর্গে মৃত্যু হয় ৬ শিশুর। এই সময়ের মধ্যে আরও ১ হাজার ১০৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের সংক্রমণ বাড়তে শুরু করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ৫১ হাজার ৫৬৭ জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।
বর্তমানে দেশের বিভিন্ন জেলায় হাম একটি বড় আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সরকারের টিকাদান কর্মসূচির আওতায় আনা জরুরি। বিশেষ করে যেসব শিশু এখনো এমআর (হাম-রুবেলা) টিকা নেয়নি, তাদের ক্ষেত্রে ঝুঁকি সবচেয়ে বেশি।
সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যবেক্ষণ জোরদার করেছে এবং আক্রান্ত এলাকায় বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তবে প্রতিদিন আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments