হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৫৯
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৩৭২ জন প্রাণ হারিয়েছেন। সংক্রমণের এই ধারা অব্যাহত থাকায় জনমনে উদ্বেগ বাড়ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সারাদেশে সর্বমোট ৩৫ হাজার ৯৮০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৯২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
Comments