ঢাকায় বসছে ২৮টি পশুর হাট: ইজারার স্বচ্ছতা নিশ্চিতে কঠোর কর্তৃপক্ষ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে পশুর হাট বসানোর প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। এবার উত্তর ও দক্ষিণ সিটি মিলিয়ে মোট ২৮টি স্থানে কোরবানির পশুর হাট বসছে। হাটের ইজারা প্রক্রিয়া এবং সীমানা নির্ধারণে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।
উত্তর সিটি এলাকায় গাবতলীর স্থায়ী হাটসহ মোট ১৬টি স্থানে পশুর হাট বসবে। ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ইজারা প্রক্রিয়ায় কোনো ধরনের 'লুকোচুরি'র সুযোগ নেই। সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে তিন ধাপে ওপেন টেন্ডারের ব্যবস্থা করা হয়েছে। ১৫টি অস্থায়ী হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা কার্যক্রম শেষ হয়েছে। বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবার চূড়ান্ত হবে।
দক্ষিণ সিটি এলাকায় মোট ১২টি অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম দাবি করেছেন, এবারের টেন্ডার সম্পূর্ণ উন্মুক্ত ছিল এবং কোনো রাজনৈতিক প্রভাবে ইজারা দেওয়া হয়নি। হাটগুলো যাতে নির্দিষ্ট সীমানার বাইরে না যায়, সেজন্য কঠোরভাবে এলাকা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এছাড়া নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই রাস্তায় বা হাটে পশু তোলা যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
দুই সিটির প্রশাসকরাই জানিয়েছেন, জনভোগান্তি এড়াতে ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমানা লঙ্ঘন বা আইন অমান্য করলে ইজারাদারদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments