নিজের তৈরি সংকটে বন্দি ট্রাম্প: মুক্তির পথ খুঁজছে ওয়াশিংটন
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের তৈরি করা ভূ-রাজনৈতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক ফাঁদে আটকা পড়েছেন। দীর্ঘ ৪০ দিনের যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চললেও, গ্রহণযোগ্য কোনো সামরিক সমাধান না আসায় হোয়াইট হাউস এখন দিশেহারা। বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক বিশ্লেষণে এই সংকটময় পরিস্থিতির চিত্র উঠে এসেছে।
সিএনএন-এর মতে, ট্রাম্প বর্তমানে দুটি প্রধান চ্যালেঞ্জের মুখোমুখি: হরমুজ প্রণালিতে ইরানের শক্তিশালী প্রভাব এবং নতি স্বীকারে তাদের অনীহার কারণে মার্কিন সামরিক শক্তি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারছে না। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম প্রতি গ্যালন ৪.৫০ ডলার ছাড়িয়েছে। জনসমর্থন নেমে এসেছে ৩০ শতাংশের ঘরে। এই অবস্থায় যুদ্ধ দীর্ঘায়িত করার মতো রাজনৈতিক শক্তি ট্রাম্পের হাতে নেই।
সংঘাত নিরসনে বর্তমানে পাকিস্তান ও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এক পৃষ্ঠার একটি খসড়া স্মারকলিপি নিয়ে আলোচনা করছে। এই নথির মূল লক্ষ্য হলো যুদ্ধের অবসান ঘটিয়ে পরবর্তী ৩০ দিনের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের পথ খোঁজা। তবে বিশ্লেষকরা সংশয় প্রকাশ করে বলছেন, অর্ধশতাব্দীর পুরনো পারমাণবিক বিবাদ, ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রক্সি যুদ্ধের মতো জটিল ইস্যু এক পৃষ্ঠার নথিতে সমাধান করা অসম্ভব। ইরান তাদের অর্থনীতি পুনর্গঠনে ব্যাপক নিষেধাজ্ঞা শিথিলের দাবি জানাচ্ছে। অন্যদিকে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কাজে লাগিয়ে তেল-গ্যাস বাণিজ্যে সুবিধা নেওয়ার আকাঙ্ক্ষা তেহরানের কাটেনি।
ওয়াশিংটনের যুদ্ধ কৌশল এখন চরম অস্পষ্টতা ও আকস্মিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দুটি ঘটনা এর প্রমাণ। অপারেশন এপিক ফিউরি: পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুট করেই জানান যে এই অপারেশনটি শেষ হয়ে গেছে। প্রজেক্ট ফ্রিডম: হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা এই অভিযানটি মাত্র কয়েক ঘণ্টা স্থায়ী হয়। সামান্য কিছু জাহাজ পার করার পরই ট্রাম্প শান্তি আলোচনার অজুহাতে এটি স্থগিত করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই পক্ষ এখন যুদ্ধের অবসানের সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। ট্রাম্প দাবি করছেন, তেহরান সব শর্তে রাজি হয়েছে; যদিও ইরান পক্ষ থেকে ভিন্ন সুর শোনা যাচ্ছে।
যুদ্ধক্ষেত্রে সাফল্যের অভাব এবং নিজ দেশে জনপ্রিয়তা হ্রাসের মুখে ট্রাম্প এখন এমন একটি চুক্তির জন্য মরিয়া, যা তাঁকে সম্মানজনকভাবে এই সংঘাত থেকে বের করে আনতে পারে। তবে ইরানের কঠোর অবস্থান এবং হরমুজ প্রণালির কৌশলগত সমীকরণ সেই পথকে এখনো কণ্টকাকীর্ণ করে রেখেছে।
Comments