টরন্টোর বাংলাপাড়ায় দুর্ধর্ষ চুরি
টরন্টোর অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা ড্যানফোর্থের (বাংলা টাউন) গত রোববার দিবাগত গভীর রাতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মেঘা জুয়েলার্সে এক ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। দূর্বৃত্তরা ৫টি দরজার তালা ভেঙে মাত্র তিন মিনিটের মধ্যে চুরি করে পালিয়ে যায়।
টেলার্স সিকিউরিটি কোম্পানিতে রাত সোয়া ৩ টার দিকে এই চুরির ঘটনা ধরা পড়ে। তা সাথে সাথে অটোমেটিক এলার্ম সিস্টেম পুলিশকে অবগত করে। পুলিশও অতি দ্রুত ঘটনাস্থলে আসে। ততক্ষণ দুর্ধর্ষ চোরেরা পালিয়ে যায়।
সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, মধ্যরাতে চারজন মুখোশধারী দুর্বৃত্ত একটি গাড়ি নিয়ে দোকানের পাশে রাস্তার ওপর অবস্থান নেয়। তারা দোকানের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে প্রবেশ করে। ততক্ষণে অটোমেটিক এলার্ম বেজে উঠে। মূল লকার না ভেঙ্গেই একটি লকার নিয়ে দ্রুত পালিয়ে যেতে বাধ্য হয়।
প্রাথমিক আলামত সংগ্রহ করার পাশাপাশি দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের ধারণা, এই চোরচক্রটি অত্যন্ত পেশাদার এবং তারা আগে থেকেই দোকানটির রেকি করেছিল। তবে এখন পর্যন্ত কোনো গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
মেঘা জুয়েলার্সের কর্ণধার প্রদীপ কর্মকার জানান, প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রবিন্দু বাংলা টাউনে এখন ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ, প্রায়ই এখানে নিরাপত্তাহীন অবস্থায় বিরাজ করছে।
Comments