সারাদেশে হামের প্রকোপে আরও ১২ জনের মৃত্যু
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই রোগে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে মৃত ১২ জনের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগে ২ জন এবং বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১ জন করে মোট ৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। অন্যদিকে, ঢাকা বিভাগে আরও একজন ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী মারা গেছেন।
প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৩৮ জনের মধ্যে রোগের লক্ষণ বা উপসর্গ দেখা দিয়েছে। গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সারাদেশে মোট ৬ হাজার ২০৮ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে মোট ৪৫ হাজার ৪৯৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ৩১ হাজার ৯১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৩৮ জন। বর্তমানে বিপুল সংখ্যক রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত হামের টিকা নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন।
Comments