৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
সারাদেশে কৃষির উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
বৃহস্পতিবার (৭ মে) সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদিতে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি ঐতিহাসিক উদ্যোগ। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন: "খাল খননের মাধ্যমে দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এতে জনগণের সম্পৃক্ততা বাড়ছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত হচ্ছে।"
খাল খনন উদ্বোধন শেষে মন্ত্রী কাজলী নদী পরিদর্শন করেন। এসময় নদীতে কলকারখানার বর্জ্য দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। নদী ও জলাশয় রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি জানান, খাল বা নদী খননে কোনো বড় অবকাঠামোগত প্রতিবন্ধকতা থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এ ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।
Comments