১৬ বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার দাবি: সরকারকে লিগ্যাল নোটিশ
শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক সুরক্ষা নিশ্চিত করতে ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং এর অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সরকারকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী এবং 'লিগ্যাল ভয়েস ফাউন্ডেশন'-এর পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশটি পাঠান।
নোটিশটি ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সচিব এবং বিটিআরসি চেয়ারম্যান বরাবরে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং এর অপব্যবহার রোধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিটসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
নোটিশে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউব-এর মতো প্ল্যাটফর্মগুলোর নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়: সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ফলে শিশুরা শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অমনোযোগী হচ্ছে এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রোপাগান্ডা, ভুল তথ্য এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা কিশোর-কিশোরীদের মেধা ও মনন ধ্বংস করছে। এর ফলে তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং-এর মতো দলবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ছে। ডিজিটাল মাধ্যমের অপব্যবহারের ফলে শিক্ষার্থীরা পড়াশোনা ও স্কুল-কলেজে যাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।
নোটিশে উল্লেখ করা হয় যে, দেশের অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত প্রযুক্তিগত জ্ঞান না থাকায় সন্তানদের এই আসক্তি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন।
ব্যারিস্টার সানাউল্লাহ নূরী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার এখন আর কেবল ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। ডিজিটাল মাধ্যমে নৈতিক অবক্ষয় রোধ এবং শিশু-কিশোরদের সুস্থ বিকাশের স্বার্থে ১৬ বছর বয়স পর্যন্ত এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বা নিষেধাজ্ঞা এখন সময়ের দাবি।
Comments