বিনিয়োগের প্রধান অন্তরায় আমলাতান্ত্রিক ধীরগতি: মির্জা ফখরুল
দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর কাজের মন্থর গতি এবং দীর্ঘসূত্রতাকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে 'দ্য কম্পাস ডায়লগ' শীর্ষক সংলাপে অংশ গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।
ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর) আয়োজিত এই সংলাপে অংশ নেওয়া বিদেশি প্রতিনিধি ও ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন: বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হচ্ছেন। কোনো সমস্যার দ্রুত সমাধান না পাওয়ায় তাদের মধ্যে চরম হতাশা তৈরি হচ্ছে। এই ধীরগতি সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।
মন্ত্রী অকপটে স্বীকার করেন যে, বর্তমানে দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ প্রত্যাশিত পর্যায়ে নেই।
বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে সরকার নিরলস কাজ করছে জানিয়ে তিনি বলেন: সরকার নবায়নযোগ্য জ্বালানি ও সৌরশক্তির প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী তিন মাসের মধ্যে দেশের জলভাগ ও স্থলভাগে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বান করা হবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ফসলভিত্তিক কর্মসূচিগুলো বাস্তবায়িত হচ্ছে, যা তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অতীতের অস্থিরতা কাটিয়ে বর্তমান অবস্থা অনেকটাই ইতিবাচক। তিনি মনে করেন, দেশে পূর্ণ স্থিতিশীলতা বজায় থাকলে অর্থনৈতিক লক্ষ্য অর্জন ও কর্মসংস্থান সৃষ্টি সহজ হবে।
এছাড়া, বঙ্গোপসাগরের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন তিনি। একইসঙ্গে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটকে দেশের জন্য একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করে এর দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
Comments