হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান ও ইরানের সঙ্গে একটি টেকসই চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে মার্কিন রণতরী দিয়ে জ্বালানিবাহী জাহাজ পাহারা দেওয়ার বিশেষ অভিযান 'প্রজেক্ট ফ্রিডম' স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি।
ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ জানান যে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও অন্যান্য রাষ্ট্রের বিশেষ অনুরোধে তিনি এই অভিযান আপাতত স্থগিত রাখছেন। তেহরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির বিষয়ে 'ব্যাপক' অগ্রগতি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। 'প্রজেক্ট ফ্রিডম' শুরু হওয়ার পর প্রণালি সংলগ্ন এলাকা ও আরব আমিরাতের বন্দরে হামলার ঘটনা ঘটেছিল, যা সম্ভাব্য যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলে দেয়। এই ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত।
প্রেসিডেন্ট ট্রাম্প যখন শান্তি প্রক্রিয়ার কথা বলছেন, ঠিক তখনই হরমুজ প্রণালিতে একটি নতুন হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে: মঙ্গলবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার নেপথ্যে কারা রয়েছে এবং এর ফলে সামুদ্রিক পরিবেশে কোনো বিপর্যয় সৃষ্টি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতা নিরসনে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে নতুন করে হামলা চলমান শান্তি আলোচনাকে কতটা প্রভাবিত করবে, এখন সেটাই দেখার বিষয়।
Comments