সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত তাবাসসুম
অবশেষে নানা আইনি লড়াই শেষে জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। বুধবার (৬ মে) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে নুসরাত তাবাসসুম রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নুসরাত তাবাসসুমের এই শপথ গ্রহণের পথটি সহজ ছিল না। গত ২১ এপ্রিল ছিল এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু নির্ধারিত সময় ৪টার পরিবর্তে তিনি ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।
পরবর্তীতে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত নুসরাতের পক্ষে রায় দিয়ে নির্বাচন কমিশনকে তাঁর মনোনয়নপত্র গ্রহণ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর ইসি তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে, যার ফলশ্রুতিতে আজ তিনি সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
Comments