দেশে পৌঁছালো হাম-রুবেলাসহ ১০ ধরনের টিকার বিশাল চালান
বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচি বেগবান করতে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের টিকার নতুন একটি চালান দেশে পৌঁছেছে। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই চালানটি এসে পৌঁছায়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নিজে উপস্থিত থেকে টিকার এই চালান গ্রহণ করেন।
সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকাগুলো আনা হয়েছে। এই চালানে হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েডের টিকা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র হামের টিকাই এসেছে প্রায় ১৫ লাখ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত স্টকে থাকা টিকাগুলো বিভিন্ন 'জরুরি ক্যাম্পেইনে' ব্যবহার করার ফলে মাঠ পর্যায়ে টিকার কিছুটা সংকট তৈরি হয়েছিল। বিশেষ করে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এই নতুন চালান পৌঁছানোর ফলে চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট দ্রুতই নিরসন হবে।
চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, "আমরা অত্যন্ত দ্রুততার সাথে ১৫ লাখ ডোজ হামের টিকা নিশ্চিত করেছি। আগামী দিনে টিকার আর কোনো ঘাটতি থাকবে না। দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।"
তিনি আরও যোগ করেন, এই টিকাগুলো দ্রুততম সময়ের মধ্যে দেশের জেলা ও উপজেলা পর্যায়ের কোল্ড চেইনগুলোতে পৌঁছে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই সেবা পায়।
Comments