শতভাগ শিশুকে এক সপ্তাহে হামের টিকার আওতায় আনা সম্ভব: স্বাস্থ্যমন্ত্রী
আগামী এক সপ্তাহের মধ্যে দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৬১ শতাংশ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং অনেক এলাকায় শতভাগ টিকাদান নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সরঞ্জাম ও ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "জরুরি ভিত্তিতে শুরু করা এই টিকাদান কর্মসূচির সুফল আমরা পেতে শুরু করেছি। প্রথম যে ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছিল, সেখানে এখন একজনও হামের রোগী নেই। গত ছয় বছর শিশুদের কোনো ভ্যাকসিনেশন হয়নি, যা দেশের জন্য বড় ঝুঁকি ছিল। ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের সহায়তায় আমরা দ্রুত এই সংকট কাটিয়ে উঠছি।"
মন্ত্রী জানান, সারা দেশে ৫মে থেকে টিকাদান শুরুর কথা থাকলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তা ১৪ দিন এগিয়ে আনা হয়েছে। ২০ এপ্রিল থেকেই কাজ শুরু করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বর্তমানে দেশে ভ্যাকসিন ও সিরিঞ্জের কোনো সংকট নেই এবং আগামীকালকের মধ্যে দেশের সব কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে যাবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য ৬ লাখ 'জিনএক্সপার্ট কার্টিজ' এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়। এই সহায়তা দেশের যক্ষ্মা নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
Comments