দুই মাসের অবরোধ শেষে, জাল-নৌকা নিয়ে মাছ ধরার অপেক্ষায় চাঁদপুরের অর্ধলক্ষ জেলে
দীর্ঘ দুই মাস জাল বোনা আর অলস সময় কাটানোর রুদ্ধশ্বাস প্রতীক্ষার অবসান ঘটছে আজ। পদ্মা-মেঘনার বুক চিরে রূপালি ইলিশের ঝিলিক দেখার অপেক্ষায় থাকা হাজার হাজার জেলের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে। জাটকা রক্ষায় মৎস্য বিভাগের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই জাল-নৌকা নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন চাঁদপুরের জেলেরা।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে উপকূলীয় জেলাগুলোর জেলেপাড়া ও মাছঘাটগুলোতে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। চাঁদপুরের হরিণা ঘাট, পুরাণ বাজার, এবং চরভৈরবী মাছ ঘাটে গিয়ে দেখা গেছে সাজ সাজ রব। কেউ ছেঁড়া জাল মেরামত করছেন, কেউ নৌকায় নতুন রঙের প্রলেপ দিচ্ছেন, আবার কেউ ট্রলারের ইঞ্জিন পরীক্ষা করে নিচ্ছেন। গত দুই মাস কর্মহীন থাকায় যে স্থবিরতা ছিল, তা কাটিয়ে এখন জেলেদের চোখেমুখে সোনালী দিনের স্বপ্ন।
চাঁদপুর জেলায় প্রায় ৫০ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন। দীর্ঘ দুই মাস আয় বন্ধ থাকায় অনেকের ওপর চেপে বসেছে এনজিওর কিস্তি আর মহাজনের দাদনের বোঝা।
হরিণা ঘাটের জেলে মিজান ও দুলাল ঢাকা জার্নালকে বলেন, 'দুই মাস খুব কষ্টে দিন গেছে। ঘরে খাবার ছিল না, তার ওপর এনজিও আর মহাজনের কিস্তি জমে আছে। আশা করছি এবার জালে বড় ইলিশ ধরা পড়বে। মাছ বেচেই সব দেনা শোধ করতে হবে'।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এবারের অভিযানে প্রশাসনের তৎপরতা ছিল বিগত বছরগুলোর চেয়েও বেশি কঠোর।মোট অভিযান পরিচালনা করা হয় ৫৭০-টি অধিক ।মোবাইল কোর্ট ৩৮ টির অধিক। প্রায় ২০৩ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মোট মামলা ২৪০ টি প্রায়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, 'অন্যান্যবারের তুলনায় এবার অভিযান খুব কড়াকড়ি ছিল। আমরা আশা করছি জাটকাগুলো নির্বিঘ্নে বড় হওয়ার সুযোগ পেয়েছে, যার ফলে ইলিশের উৎপাদন অনেক বাড়বে'।
মৎস্য বিভাগের তথ্যমতে, এ বছর রেকর্ড পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে ২৮ হাজার ৫০০ টন ইলিশ পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৫ হাজার টন বেশি।
আজ রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই মেঘনার বুক চিরে ছুটে চলবে হাজার হাজার মাছ ধরার নৌকা। জেলেদের এই দুই মাসের ত্যাগ আর পরিশ্রমের ফল যেন রূপালি ইলিশের প্রাচুর্যে ভরে ওঠে—এখন সেই প্রার্থনাই করছেন নদীপাড়ের মানুষ।
Comments