দুই হত্যা মামলায় আইভীর জামিন; বাকি ৫টির সিদ্ধান্ত রোববার
জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে জামিন দেওয়া হয়েছে। এর আগে নিম্ন আদালত এই মামলা দুটিতে তাকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছিলেন। আজ উচ্চ আদালত থেকে তিনি জামিন পেলেন।
এদিকে আইভীর বিরুদ্ধে থাকা আরও ৫টি মামলায় ইতিপূর্বে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়েছিল রাষ্ট্রপক্ষ। ওই ৫ মামলার জামিনের বিষয়ে আগামী রোববার আদেশ দেবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
২০২৫ সালের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন 'চুনকা কুটির' থেকে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। এরপর থেকে ধাপে ধাপে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি কয়েকটি মামলায় তিনি জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত হয়ে যায়।
আইনজীবীরা জানিয়েছেন, আজকের জামিন তার কারামুক্তির পথকে সহজ করলেও রোববারের আপিল বিভাগের আদেশের ওপর অনেক কিছু নির্ভর করছে।
Comments