লিমনের প্রথম জানাজা আজ ফ্লোরিডায়, দেশে পৌঁছাবে ৪ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ফ্লোরিডার স্থানীয় সময় বাদ জোহর 'ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া' (আইএসটিবিএ) মসজিদে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও লিমনের সহপাঠীরা অংশ নেবেন।
দূতাবাস জানিয়েছে, লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর সকল আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৪ মে (সোমবার) স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী জামিল আহমেদ লিমন গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের এক সপ্তাহ পর গত শুক্রবার স্থানীয় একটি সেতুর কাছ থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে নিখোঁজ হওয়া ওই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার বা শনাক্ত করা সম্ভব হয়নি।
এই জোড়া হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট হিশাম সালেহ আবুঘরবেহ নামে এক মার্কিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত এখনো চলছে। লিমনের এই অকাল মৃত্যুতে তাঁর পরিবার এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Comments