হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস বিশেষ সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে বিশেষ সহায়তা প্রদান করা হবে। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলের বর্তমান ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রবল বর্ষণে একের পর এক হাওর তলিয়ে যাচ্ছে এবং কৃষকেরা শেষ সম্বল ধান ঘরে তুলতে আপ্রাণ লড়াই করছেন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, "হাওরের এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে আমি তিন দিন আগেই সংশ্লিষ্ট তিন জেলার স্থানীয় প্রশাসনকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।"
তিনি আরও জানান: আজ সকালেও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিলেট বিভাগের তিনটি জেলা এবং ময়মনসিংহের কিছু এলাকায় অতিবৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের তালিকা তৈরি করে আগামী তিন মাস নিরবচ্ছিন্ন সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।
প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার সব ধরনের লজিস্টিক ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত।
Comments