'মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি': শামা ওবায়েদ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে সংসদে তাদের নামের আগে 'বীর' শব্দ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই প্রস্তাব দেন।
শামা ওবায়েদ বলেন, "এই সংসদে আমরা যারা আছি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, বরং হৃদয়ে ধারণ করি। সংসদে সরকারি ও বিরোধী উভয় দলেই এমন অনেক সদস্য আছেন যারা মুক্তিযোদ্ধা। তাদের নামের আগে যদি 'বীর মুক্তিযোদ্ধা' শব্দটি ব্যবহার করা হয়, তবে নতুন প্রজন্ম তাদের ত্যাগ সম্পর্কে জানতে পারবে। সংসদের ভেতরে এটি চালু হলে বাইরেও এর ইতিবাচক প্রভাব পড়বে।"
প্রতিমন্ত্রীর এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযোদ্ধার পরিবর্তিত সংজ্ঞা সম্পর্কে সংসদকে অবহিত করেন। তিনি বলেন: সংসদ ইতিমধ্যে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন অনুমোদন করেছে। বর্তমানে মুক্তিযোদ্ধার সংজ্ঞা অনুযায়ী—যিনি সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন তিনিই মুক্তিযোদ্ধা; বাকিরা 'মুক্তিযোদ্ধা সহায়ক' হিসেবে বিবেচিত।
স্পিকার আরও উল্লেখ করেন, সাধারণত সংসদে সদস্যদের আসনভিত্তিক পরিচয় দিয়ে সম্বোধন করা হয় এবং সেখানে মুক্তিযোদ্ধার পরিচয়টি উহ্য থাকে। তবে যদি নিশ্চিত হওয়া যায় যে কোনো সদস্য প্রকৃত সংজ্ঞার আওতায় অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তবে তাকে সেভাবে উল্লেখ করার চেষ্টা করা হবে।
Comments