ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন’ সিটিতে রূপান্তরের মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমাত্রিক কর্মপরিকল্পনা জাতীয় সংসদে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি নগর বনায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং বায়ুদূষণ রোধে নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন।
প্রধানমন্ত্রী জানান, ঢাকাকে সবুজ করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়াও:মেট্রো রেল (মিরপুর ১২ থেকে ডিওএইচএস) এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গায় বনায়ন করা হবে। উন্মুক্ত স্থান ও সড়কদ্বীপে 'মিয়াওয়াকি' পদ্ধতিতে নগর বনায়ন করা হচ্ছে। সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার খালি জায়গাগুলোকে সবুজে আবৃত করা হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোরিয়ান বিনিয়োগে মাতুয়াইল ল্যান্ডফিলকে একটি সমন্বিত সার্কুলার ইকোনমিভিত্তিক কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে। এর মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি ও সার উৎপাদন করে ঢাকাকে একটি 'জিরো ওয়েস্ট' সিটিতে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঢাকার বাতাসকে দূষণমুক্ত রাখতে সরকার বেশ কিছু সাহসী পদক্ষেপ নিয়েছে:যেমন,
-
পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ যৌথভাবে ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে।
-
ঢাকার বায়ুদূষণ কমাতে সাভার উপজেলাকে 'ডিগ্রেডেড এয়ারশেড' ঘোষণা করে সেখানে সব ধরনের ইটভাটা ও খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
-
ঢাকার ১৯টি প্রধান খালের দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে। নদী দূষণ রোধে ইতিমধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে, যা আইপি ক্যামেরার মাধ্যমে রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাজধানীর ওপর চাপ কমানো প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "সবকিছু ঢাকাকেন্দ্রিক হয়ে পড়ার দীর্ঘদিনের এই সংস্কৃতি বদলাতে সরকার কাজ করছে।" তিনি জানান, ঢাকার বাইরে শিল্পাঞ্চল গড়ে তোলা, উন্নত চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে মানুষ গ্রাম বা মফস্বলেই সব মৌলিক সুবিধা পায়।
ময়মনসিংহের বাইপাস নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একটি বাস্তব উদাহরণ টেনে বলেন, "বগুড়ায় শহরকে এড়িয়ে যে বাইপাস করা হয়েছিল, এখন তার দুপাশেও বসতি গড়ে উঠেছে। অনেক সময় বাইপাসকে বাইপাস করতে আরেকটা বাইপাসের প্রয়োজন হয়।" তিনি গুরুত্ব দিয়ে বলেন, ছোট দেশে ভূমি রক্ষা ও অর্থ সাশ্রয়ের কথা মাথায় রেখে প্রতিটি শহরের জন্য এখন বড় ও সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন।
Comments