৩৭ হাজার নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার
দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষা প্রদান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলা ও ৩টি সিটি করপোরেশনে মোট ৩৭ হাজার ৮১৪টি পরিবারের 'নারী প্রধানকে' ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আউয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি সরকারের এসব উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। নারী ও শিশুদের উন্নয়ন নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। যেমন, গরিব ও অসচ্ছল নারীদের সামাজিক মানোন্নয়ন। গর্ভবতী মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে আর্থিক সুবিধা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা প্রদান। নারী নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন, ওসিসি এবং ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কার্যক্রম জোরদার। জয়িতা ফাউন্ডেশনের মাধ্যমে নারী উদ্যোক্তাদের পণ্য বিপণন ও ক্ষুদ্রঋণ সহায়তা।
উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ পর্যন্ত ১৩ হাজার ৩০৮টি পরিবারভিত্তিক পানি সংরক্ষণ সিস্টেম হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, সংসদ সদস্য আমির এজাজ খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, খুলনার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার নদী ভাঙন রোধে 'ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহেন্সমেন্ট প্রজেক্ট'-এর কাজ দ্রুতগতিতে চলছে। আগামী ২০২৭ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হলে এই অঞ্চলের মানুষের জানমালের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত হবে।
শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকার ৬৪টি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করছে। এছাড়া সব শিল্প-কারখানা ও কর্মস্থলে 'ব্রেস্ট ফিডিং কর্নার' স্থাপনে নির্বাচনী ইশতেহার অনুযায়ী গুরুত্ব দেওয়া হচ্ছে। পথশিশুদের পুনর্বাসনের জন্য বর্তমানে দুটি আবাসিক কেন্দ্র ও নয়টি আউটরিচ স্কুল কাজ করছে বলেও প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন।
Comments