৩০ এপ্রিলের পর মাদক ও জুয়া নির্মূলে বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ক্রমবর্ধমান মাদক, অবৈধ সিসা লাউঞ্জ এবং জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিলের পর থেকে সারা দেশে সমন্বিতভাবে বিশেষ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে মন্ত্রী সরকারের এই কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
মাদক ও জুয়া নির্মূলে আগামী ৩০ এপ্রিলের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে। অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম বা ঠিকানা পরিবর্তন করে পুনরায় তাদের কার্যক্রম শুরু করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক, জুয়া এবং ক্রমবর্ধমান অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকার 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কঠোর অবস্থানের কথাও সংসদকে অবহিত করেন মন্ত্রী।
অভিযান শুরুর এই ঘোষণার প্রেক্ষাপটে সম্প্রতি ডিএনসি-র কার্যক্রমের তথ্যও উঠে আসে। গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকার 'দ্য এস লাউঞ্জ' নামক একটি সিসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সেখানে মাদকদ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং তরুণ সমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে।
Comments