জানুয়ারিতেই শুরু হবে নতুন শিক্ষাবর্ষ: শিক্ষামন্ত্রী
সেশনজট নিরসনে ডিসেম্বরের মধ্যে সব পাবলিক পরীক্ষা শেষ করে আগামী জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) 'বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬' উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সমন্বিতভাবে কাজ করছে সরকার। তিনি বলেন, "আমাদের লক্ষ্য দুই বছরের কোর্স নির্ধারিত সময়ে শেষ করা এবং ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করা। যেন জানুয়ারি থেকেই নতুন শিক্ষাবর্ষ শুরু করা যায় এবং শিক্ষার্থীদের কোনো মূল্যবান সময় নষ্ট না হয়।" বিশ্ববিদ্যালয়গুলোও যাতে দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
চলমান এসএসসি ও গুজব প্রতিরোধে সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন: যাচাই না করে কোনো তথ্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের (যেমন- টেলিগ্রাম গ্রুপ) খবর প্রচার করবেন না। অসমর্থিত তথ্য প্রচার করলে শিক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যারা গুজব ছড়াচ্ছে এবং যাচাই ছাড়া তা প্রচার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকার সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, "সচেতনতা ছাড়া এই সমস্যাগুলো রোধ করা সম্ভব নয়। আমরা চাই না আমাদের বা গুজবের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হোক।"
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments