শিক্ষাপ্রতিষ্ঠানে ‘আদুভাই’দের দাপট আর দেখতে চাই না: শফিকুর রহমান
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো 'আদুভাই' বা 'দাদুভাই' শিক্ষার্থীদের ওপর ছড়ি ঘুরাক—এমন সংস্কৃতি আর দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, "আমরা শিক্ষার্থীদের হাতে দা-কিরিচ নয়, বরং খাতা ও কলম দেখতে চাই। জুলাই বিপ্লব শুধু একবারই হয় না, জুলাই প্রত্যেক বছরেই আছে।"
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
সরকার গঠনকারী দল বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ অনুসরণ শুরু করেছে। তিনি আরও যোগ করেন: সংসদ নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি বেছে নিলেও, গণভোটে ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার সেই সংস্কারের রায় মানছে না, যা অত্যন্ত লজ্জাজনক।
জুলাই গণ-অভ্যুত্থান না হলে বর্তমান সরকার ক্ষমতার এই স্বাদ উপভোগ করতে পারত না। যারা বিদেশে ছিলেন, বিপ্লবের ফলেই তারা স্বদেশে ফেরার সুযোগ পেয়েছেন।
গত শুক্রবার নেত্রকোনায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনা টেনে শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, "এটা কোন বাংলাদেশ? এই অরাজকতার জন্য কি মানুষ প্রাণ দিয়েছিল?"
সমাবেশে জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্যরা বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জুলাই যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও ত্যাগের স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
Comments