হামে আরও ১১ মৃত্যু: আক্রান্ত ৩০ হাজার ছাড়ালো, আইসোলেশন সংকটে ঝুঁকি বাড়ছে
দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। আজ শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৬০৭ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৪ হাজার ৪৬০ জনের দেহে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪২ জন মারা গেছেন। তবে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ২০৯ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যাদের একটি বড় অংশই শিশু। এ পর্যন্ত আক্রান্ত ও সন্দেহভাজন মিলিয়ে ২০ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।
মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের তীব্রতা বাড়ার অন্যতম প্রধান কারণ পর্যাপ্ত আইসোলেশন ব্যবস্থার অভাব। হাসপাতালের ভেতরে ও বাইরে আক্রান্ত শিশুদের পৃথক রাখার ব্যবস্থা না থাকায় রোগটি দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শয্যা সংকটের কারণে আক্রান্ত শিশুরা সাধারণ রোগীদের সংস্পর্শে থাকছে, যা নতুন করে সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর
চিকিৎসকরা জানিয়েছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় এই প্রাদুর্ভাব দীর্ঘায়িত হচ্ছে। শিশুদের জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং রোগীকে অন্যদের থেকে আলাদা রাখতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
Comments