উর্দুভাষী নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী
পল্লবীসহ দেশের বিভিন্ন ক্যাম্পে বসবাসরত উর্দুভাষী বাংলাদেশি নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এ লক্ষ্যে প্রয়োজনীয় সমীক্ষা পরিচালনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল বাতেনের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আওতায় পল্লবী এলাকায় বসবাসকারী উর্দুভাষী নাগরিকদের জন্য কোনো তাৎক্ষণিক প্রকল্প না থাকলেও, বিস্তারিত সমীক্ষার মাধ্যমে তাদের স্থায়ীভাবে পুনর্বাসিত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সরকার চায় এই নাগরিকদের জীবনমান উন্নয়ন করে তাদের মূলধারায় সম্পৃক্ত করতে।
ক্যাম্পগুলোতে বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে উদ্ভূত সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রী সংসদে তথ্য তুলে ধরেন: ২০১৬ সালের পূর্ব পর্যন্ত ক্যাম্পগুলোর মোট বকেয়া বিদ্যুৎ বিল ছিল ৪০ কোটি ২৭ লাখ ৭৮ হাজার ১৫৩ টাকা। আন্তঃমন্ত্রণালয় বিরোধ নিষ্পত্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাজেট থেকে এই বকেয়া পর্যায়ক্রমে পরিশোধ করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা বর্তমানে পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে।
প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন যে, আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এই জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর।
Comments