প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা বগুড়ায় তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করছেন তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
আজ ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার।
এই সফরের অন্যতম ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে 'বগুড়া সিটি করপোরেশন'-এর আনুষ্ঠানিক উদ্বোধন। প্রধানমন্ত্রী নিজ হাতে এই নতুন প্রশাসনিক কাঠামোর যাত্রা ঘোষণা করবেন।
দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ছাড়াও একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে নির্ধারিত রয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Comments