হজযাত্রীদের সেবা দিতে না পারলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী
হজযাত্রীদের সেবা নিশ্চিত করাকে পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, "আমরা হজযাত্রীদের খাদেম। তাদের যথাযথ সেবা দিতে না পারলে আমাদের পদে থাকার অধিকার নেই, পদত্যাগ করা উচিত।"
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্প আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই হজক্যাম্প পরিদর্শনে আসার ইচ্ছা প্রকাশ করেছেন।
আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) রাত ১২টা ২০ মিনিটে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করবে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। এই যাত্রাকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসতে শুরু করেছেন।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া ও প্রস্তুতির খোঁজখবর নেন। ক্যাম্পে মশা ও ছারপোকার উপদ্রব নিয়ে হজযাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, "যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিতে যা করার দরকার, আমরা তা-ই করব।"
মন্ত্রীর সঙ্গে এ সময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments