'বট বাহিনী আমাকে নিয়ে ট্রল ও গুজব ছড়াচ্ছে': শিক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একটি বিশেষ 'বট বাহিনী' তাকে লক্ষ্য করে নিয়মিত ভুয়া ফটোকার্ড ও হাস্যকর ট্রল তৈরি করছে বলে দাবি করেছেন তিনি।
শুক্রবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, এই অপপ্রচার এতটাই ভয়াবহ যে, তাকে জড়িয়ে প্রচার করা হচ্ছে— পরীক্ষার দিন নাকি পরীক্ষার রুটিন দেওয়া হবে। তিনি বলেন, "এমন হাস্যকর প্রচারণাও তারা চালাচ্ছে। এখন মনে হচ্ছে দেশ ফেসবুকেই চলে।"
শিক্ষা মন্ত্রণালয় আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানিয়েছে যে, 'নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত' সংক্রান্ত ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। এছাড়া 'ফেল করলেই এমপিও বাতিল'—এমন তথ্যেরও কঠোর সমালোচনা করেন মন্ত্রী। তিনি ব্যাখ্যা করেন, "আমি বলেছিলাম জিরো পাস করলেও এমপিও বাতিল হবে না, কিন্তু বট বাহিনী প্রচার করে দিল ফেল করলেই এমপিও বাতিল।"
শিক্ষামন্ত্রী ড. মিলন দাবি করেন, এই বট বাহিনী প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিমভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। বিশেষ করে আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়াতে তারা সক্রিয় হয়ে উঠেছে।
Comments