টাইমের সেরা ১০০-তে প্রধানমন্ত্রী: সংসদে কবিতার ছন্দে অভিনন্দন
বিশ্বখ্যাত সাময়িকী 'টাইম ম্যাগাজিন'-এর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছে জাতীয় সংসদে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সংসদের অধিবেশন চলাকালে তাকে ধন্যবাদ জানিয়ে একটি কবিতা পাঠ করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
অধিবেশনের এক পর্যায়ে চিফ হুইপ নূরুল ইসলাম প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংসদকে শোনান এই কাব্যিক শ্রদ্ধাঞ্জলি। তবে স্বরচিত বা সংগৃহীত এই কবিতাটির কবির নাম উল্লেখ করেননি তিনি।
সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কবিতাটি হলো—
'তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল।
নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল
কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না।
তিনি এলেন, বললেন, খুবই কম কথা
সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ
বললেন—উই হ্যাভ আ প্ল্যান।
বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি
নিজের আলোয় দাঁড়িয়েছিলেন
দরজাগুলো নিজেই খুলে গেছে
এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়
বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম
উল্লেখ্য, ২০২৬ সালের জন্য বিশ্বের অন্যতম প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। সেখানে নেতৃত্বের ক্যাটাগরিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় দেশজুড়ে এবং রাজনৈতিক মহলে প্রশংসার জোয়ার বইছে। তারই ধারাবাহিকতায় আজ জাতীয় সংসদে সরকারি দলের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হয়।
Comments