২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত একদিনে মারা যাওয়া ৮ জনের মধ্যে ২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
গত ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত দেশে হাম পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী:
গত এক মাসে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৭২ জনসহ মোট ২০৬ জন মারা গেছেন। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫ জন। তবে উপসর্গসহ সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩৫২ জনে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৪৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মাঠ পর্যায়ে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার চেষ্টা চলছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিভাগ।
Comments