আজ বিকেলে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে আজ 'স্বাধীনতা পুরস্কার-২০২৬' প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি মনোনীতদের হাতে এই সম্মাননা তুলে দেবেন।
এ বছর দেশ গঠন, গণতন্ত্র ও নারী শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ১৯৭৭ সাল থেকে প্রদান করা এই পুরস্কারের আওতায় প্রত্যেককে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর যারা এ সম্মাননা পাচ্ছেন:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ: মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জহুরুল করিম (সাবেক সচিব ও মহাপরিচালক, বিআরআরআই)। সাহিত্য: আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)। সংস্কৃতি: হানিফ সংকেত (জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা) এবং বশীর আহমেদ (মরণোত্তর)। ক্রীড়া: জোবেরা রহমান লিনু (টেবিল টেনিস কিংবদন্তি)। সমাজসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক এবং মাহেরীন চৌধুরী (মরণোত্তর)। জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান (মরণোত্তর)। গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। পরিবেশ সংরক্ষণ: আবদুল মুকিত মজুমদার (চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন)।
মনোনীত প্রতিষ্ঠানসমূহ:মুক্তিযুদ্ধ: ফৌজদারহাট ক্যাডেট কলেজ। চিকিৎসাবিদ্যা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পল্লী উন্নয়ন: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।সমাজসেবা: এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র।
Comments