ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র বিক্রির অভিযোগে গ্রেপ্তার মো. মাজেদুল হক হেলালকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৫ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আসামি হেলালকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিকালে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত আসামির বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রামের চকবাজার এলাকার হারেছ শাহ মাজার লেন থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রামের একটি স্বনামধন্য অস্ত্রের দোকানের মালিক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডি নিশ্চিত হয়েছে যে, হাদি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি তার মাধ্যমেই সরবরাহ করা হয়েছিল।
Comments