আম-জাম ফল ধরলে আমাকে পাঠাবেন: প্রধানমন্ত্রী
পহেলা বৈশাখের সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের হাতে 'কৃষক কার্ড' ও উপহার হিসেবে ফলের চারা তুলে দেন। চারা বিতরণের সময় হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী কৃষকদের উদ্দেশে বলেন, "এই চারা যত্ন করে লাগাবেন। যখন আম ও জাম ফল ধরবে, তখন আমাকে পাঠাবেন।"
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী দেশের অর্থনীতিতে কৃষকদের অবদানের কথা স্মরণ করে বলেন: দেশের ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে যুক্ত এবং প্রায় ৪ কোটি পরিবারের কেউ না কেউ এই খাতের অংশীদার। বিএনপি সরকার বিশ্বাস করে, কৃষক ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। কৃষকদের সচ্ছল করে তোলাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার তাদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করতে চায় বলে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন।
বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই 'কৃষক কার্ড'। ফ্যামিলি কার্ড ও ক্রীড়া কার্ডের সফল প্রবর্তনের পর এবার কৃষকদের সরাসরি আর্থিক সহায়তার আওতায় আনা হলো।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে এই কার্ড তুলে দেন। এর আগে তিনি ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইল পৌঁছান। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সরকারি সহায়তার আওতায় আনা সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকার সবসময় তাদের পাশে আছে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে। চারা বিতরণের এই প্রতীকী উদ্যোগটি পরিবেশ রক্ষা এবং ফলজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
Comments