২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু: শনাক্ত ১৩০০
সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যু হামের কারণে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর; বাকি ৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী,হামে নিশ্চিত মৃত্যু (২ জন): উভয় শিশুই ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে মৃত্যু (৫ জন): এর মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং ১ জন রাজশাহী বিভাগের।
গত ২৪ ঘণ্টায় (১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সংক্রমণ পরিস্থিতির বিস্তারিত:
-
নতুন উপসর্গযুক্ত রোগী: ১ হাজার ৩৭১ জন (এর মধ্যে ৬১৫ জনই ঢাকা বিভাগের)।
-
হাসপাতালে ভর্তি: নতুন করে ভর্তি হয়েছেন ৭২৯ জন।
-
বিভাগীয় চিত্র: সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (২৭৪ জন), আর সবচেয়ে কম রংপুর (১১) ও ময়মনসিংহে (১৭)।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৬৫৬ জন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করেছে। শিশুদের শরীরে হামের লক্ষণ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।
Comments