নববর্ষ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ ও যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার রাত থেকেই এই কড়াকড়ি কার্যকর হচ্ছে।
নির্দেশনার মূল বিষয়গুলো হলো: আজ সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল—এই পাঁচটি প্রবেশপথ সাধারণের জন্য বন্ধ থাকবে। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত মোড় খুলে দেওয়া হবে। দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শিববাড়ি ও উদয়ন স্কুল সংলগ্ন গেটগুলো খুলে দেওয়া হবে। নববর্ষের দিন (১৪ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে ক্যাম্পাসে বাইরের কেউ প্রবেশ করতে পারবেন না। তবে ৫টার পর শুধু বের হওয়ার সুযোগ থাকবে। এই নিয়ম রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য নিয়ম: বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নীলক্ষেত এবং উদয়ন স্কুল সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। সবাইকে সঙ্গে পরিচয়পত্র রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
স্টিকারযুক্ত যানবাহন শুধুমাত্র নীলক্ষেত ও উদয়ন স্কুলের পথ ব্যবহার করতে পারবে। অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীর গাড়ি, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। এ ছাড়া অন্য সব সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৪ এপ্রিল বিকেল ৫টার মধ্যে ক্যাম্পাসের সব উন্মুক্ত স্থানের অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এরপর খোলা জায়গায় কোনো ধরনের আয়োজন করা যাবে না। সুষ্ঠু ও নিরাপদভাবে নববর্ষ উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
Comments