যুক্তরাষ্ট্র ইরান সংলাপে নতুন মোড়, মিলছে স্পষ্ট ইঙ্গিত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার পর স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংলাপের সম্ভাবনা নেই। এমন স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, আলোচনা 'আন্তরিকতার সঙ্গে' শেষ হলেও তা কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। ওয়াশিংটন তাদের পক্ষ থেকে যাকে 'চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব' হিসেবে তুলে ধরেছিল, সেটিও অচলাবস্থার অবসান ঘটাতে পারেনি।
এই পরিস্থিতিতে ভবিষ্যৎ কূটনৈতিক পথ কেমন হবে-সে বিষয়ে ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, কূটনীতিরও একটি সীমা রয়েছে। ফলে সামনে সরাসরি উচ্চপর্যায়ের আলোচনার বদলে নিম্নপর্যায়ের 'ব্যাকচ্যানেল' যোগাযোগ বা পরোক্ষ সংলাপই প্রধান মাধ্যম হতে পারে-যদি আদৌ তা এগোয়।
যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের কয়েকটি 'স্পষ্ট রেড লাইন' নির্ধারণ করেছে। এর মধ্যে রয়েছে-ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বাদ দেয়া, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও পুরোপুর উন্মুক্ত রাখা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর সীমা আরোপ।
অন্যদিকে, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও একই ধরনের কঠোর অবস্থান দেখা যাচ্ছে। রিপাবলিকান পার্টি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে ইসরায়েলের অবস্থানের সঙ্গে সঙ্গতি রেখে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানিয়ে আসছে। ইসরায়েল যেভাবে এটিকে তাদের 'লাল রেখা' হিসেবে চিহ্নিত করেছে, রিপাবলিকানদের বড় অংশও সেই অবস্থানকেই সমর্থন করছে।
সব মিলিয়ে, বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক নতুন কোনো সমঝোতার দিকে দ্রুত এগোচ্ছে না; বরং অনিশ্চয়তা ও কৌশলগত চাপের মধ্যেই পরিস্থিতি স্থির হয়ে আছে।
Comments