যুদ্ধবিরতি পর আল-আকসায় মুসল্লিদের ব্যাপক সমাগম
মধ্যপ্রাচ্যেজুড়ে দীর্ঘ ৪০ দিন ভয়াবহ সংঘাতের পর চলমান যুদ্ধবিরতিতে পুনরায় খুলে দেওয়া হলে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ। ফলে উন্মুক্ত এই পবিত্র স্থানে শুক্রবার জুমার নামাজে আদায়ে অংশ নিয়েছেন এক লাখেরও বেশি মুসল্লি।
জর্ডানের তত্ত্বাবধানে পরিচালিত সংস্থা ইসলামিক ওয়াকফের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েল টাইম্স । সংস্থাটির ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির মধ্যে পুনরায় খুলে দেওয়ায় জুমার নামাজ আদায়ে ১ লাখেরও বেশি মুসল্লি অংশ নেন পবিত্র এই মসজিদটিতে।
প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, পুরো মসজিদ প্রাঙ্গণ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। ৩০ বছর বয়সী মোহাম্মদ সাঈদেহ বলেন, 'আশা করি আল-আকসা আর বন্ধ করা হবে না। জেরুজালেমের বাসিন্দা হোক কিংবা পশ্চিম তীর (জর্ডানের পশ্চিমে ফিলিস্তিনি ভূখণ্ড) থেকে—সবাই যেন এই পবিত্র স্থানে আসতে পারে।'
৩৯ বছর বয়সী শরিফ মোহাম্মদ বলেন, 'জুমার নামাজ আমাদের জন্য ফরজ। কিন্তু আল-আকসায় এই নামায আদায় করা সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা।'
৫৫ বছর বয়সী আহমাদ আম্মার বলেন, 'এটা এক অবর্ণনীয় অনুভূতি।' পবিত্র নগরী জেরুজালেমের ওল্ড সিটিতে ইসলাম, ইহুদি ও খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের জেরে নিরাপত্তা ঝুঁকির কারণে এসব স্থান বন্ধ রাখা হয়েছিল।
যুদ্ধ চলাকালে ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যার মধ্যে অন্তত দুটি জেরুজালেমের গুরুত্বপূর্ণ ওল্ড সিটিতে ও এর আশপাশে আঘাত হানে। এ পরিস্থিতিতে আল-আকসা মসজিদসহ সব ধর্মীয় স্থানে ৫০ জনের বেশি মানুষের সমাগমে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
তবে মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের দেওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা পর গত বৃহস্পতিবার এসব পবিত্র স্থান আবারও মুসল্লি ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। প্রসঙ্গত, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে মুসল্লিরা এ বছর পবিত্র রমজান মাসেও প্রবেশ করতে পারেননি।
একই সময়ে পাসওভার উৎসব চলাকালে ইহুদিদের সবচেয়ে পবিত্র প্রার্থনাস্থল ওয়েস্টার্ন ওয়াল প্লাজাও প্রায় ফাঁকা ছিল।
Comments