ঢাকা মহানগরে সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের ঘোষণা
জ্বালানি সাশ্রয়, তীব্র যানজট নিরসন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থার সাথে শিক্ষার্থীদের অভ্যস্ত করতে ঢাকা মহানগরীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ক্লাস সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরীক্ষামূলকভাবে আগামী সপ্তাহ থেকেই এই কার্যক্রম শুরু হচ্ছে।
সপ্তাহের তিন দিন— শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস করবে। সপ্তাহের বাকি কার্যদিবসগুলোতে পাঠদান চলবে ডিজিটাল প্ল্যাটফর্মে। এক্ষেত্রে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থেকে অনলাইনে ক্লাস পরিচালনা করবেন।
শুক্রবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন: ১. দেশে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলা করা। ২. ঢাকার তীব্র যানজট কমিয়ে আনা। ৩. ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা।
মন্ত্রী জানান, ঢাকার বাছাইকৃত কিছু প্রতিষ্ঠানে এটি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে। এখানে সফল হলে পর্যায়ক্রমে এই মডেলটি সারাদেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে তিনি নিশ্চিত করেন।
Comments