নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৪ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ক্লাভেরাক এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশিসহ মোট চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রুট ৯এইচ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
কলাম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর সূত্রে জানা গেছে, নজমুল রুবেল (২৯) নামে এক প্রবাসী বাংলাদেশি একটি ২০০৯ মডেলের টয়োটা প্রিয়াস চালিয়ে উত্তর দিকে যাচ্ছিলেন। ভ্যান ওয়াইক লেন সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ বিভাজনরেখা (সেন্টার লাইন) অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা একটি ২০২৫ মডেলের টয়োটা ক্রাউনের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়।
দুর্ঘটনায় টয়োটা প্রিয়াস গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন বাংলাদেশি প্রবাসী ঘটনাস্থলেই প্রাণ হারান। তারা হলেন: নজমুল রুবেল (২৯): চালক, লাউডনভিলের বাসিন্দা। মোহাম্মদ হেরামন (৬০): বাড়ি কুমিল্লার বাসিন্দা। ফাহিম হালিম (২৫): নড়াইল জেলার বাসিন্দা।
একই গাড়িতে থাকা যাত্রী ফাতিমা আক্তার (৩৩) এবং এক বছর বয়সী একটি কন্যা শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
অন্যদিকে, অপর গাড়িটির (টয়োটা ক্রাউন) যাত্রী জুলিয়া রিচি (৬২) ঘটনাস্থলেই নিহত হন। চালক লুকা পালভেনিয়ান (২৪) প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
দুর্ঘটনার তীব্রতায় দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে ক্লাভেরাক, লিভিংস্টন ও গ্রিনপোর্ট ফায়ার সার্ভিসসহ একাধিক উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শেরিফ জ্যাকি সালভাতোরে এই দুর্ঘটনাকে অত্যন্ত 'ভয়াবহ' ও 'মর্মান্তিক' বলে বর্ণনা করেছেন।
শেরিফ দপ্তরের ক্র্যাশ ইনভেস্টিগেশন টিম দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। গাড়িটি কেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক নেমে এসেছে। নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং স্থানীয় একটি মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Comments