বোরো ধানের ঝুঁকি: সেচ ব্যয়, সার সংকট ও খাদ্য নিরাপত্তার নতুন উদ্বেগ
বাংলাদেশের কৃষি অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বোরো ধান, যা দেশের মোট চাল উৎপাদনের প্রায় ৬০ শতাংশ জোগান দেয়। এই ফসলটি সম্পূর্ণভাবে সেচনির্ভর এবং উচ্চমাত্রার সার ব্যবহারের ওপর নির্ভরশীল। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং সারের সরবরাহ ও দামের চাপ সরাসরি বোরো উৎপাদনের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় সেচ খরচ ইতোমধ্যেই বেড়েছে। একই সঙ্গে সারের বাজারেও অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মূল্য বৃদ্ধি এবং সরবরাহ সংকটের আশঙ্কাও বিদ্যমান। এই পরিস্থিতিতে কৃষকেরা স্বাভাবিকভাবেই ব্যয় কমানোর চেষ্টা করবেন। এর অর্থ দাঁড়ায় সেচের পরিমাণ কমানো এবং সারের ব্যবহার সীমিত করা।
কিন্তু এই ব্যয় সংকোচনের সরাসরি প্রভাব পড়তে পারে ফলনের ওপর। বিশেষজ্ঞদের মতে, সেচ ও সারের ব্যবহারে সামান্য ঘাটতিও বোরো ধানের উৎপাদনে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একটি দেশের জন্য, যেখানে খাদ্য নিরাপত্তা ব্যাপকভাবে একটি নির্দিষ্ট মৌসুমের ওপর নির্ভরশীল, এই ধরনের উৎপাদন হ্রাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
জাতীয় পর্যায়ে যদি বোরো উৎপাদন মাত্র ১০ শতাংশ কমে যায়, তবে তা বাজারে সরবরাহ সংকট তৈরি করতে পারে। এর ফলে চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার আশংকা রয়েছে, যা উচ্চ এক অঙ্ক থেকে দুই অঙ্কের মূল্যবৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। এতে শুধু খাদ্যপণ্যের বাজারই নয়, সামগ্রিক মূল্যস্ফীতির ওপরও চাপ সৃষ্টি হবে।
এটি শুধুমাত্র কৃষি খাতের একটি বিচ্ছিন্ন সমস্যা নয়; বরং এটি একটি বৃহত্তর অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ। খাদ্য নিরাপত্তা, নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা-সবকিছুর ওপরই এর প্রভাব পড়তে পারে।
আগামী কয়েক মাসে পরিস্থিতি কোন দিকে যায়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা জরুরি। পাশাপাশি, সরকার ও নীতিনির্ধারকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। সময়ের আগেই সেচ ব্যয় নিয়ন্ত্রণ, সারের সরবরাহ নিশ্চিত করা এবং কৃষকদের সহায়তা প্রদান না করলে সম্ভাব্য সংকট আরও গভীর হতে পারে।
Comments