চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস জনজীবনে অস্বস্তি
মধ্য চৈত্রে এসে চুয়াডাঙ্গায় তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর তিনটায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৪ শতাংশ। যা গরমের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আবহাওয়া অফিস বলছে, এ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে। আগামী তিনদিন এ ধরনের তাপমাত্রা এ অঞ্চলে বিরাজ করবে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই সূর্যের তাপ বাড়তে থাকে, আর দুপুরের দিকে তা অসহনীয় রূপ নেয়। অনেকেই গরম থেকে বাঁচতে ছাতা, টুপি ও পানীয় পানি সঙ্গে রাখছেন। চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান , আর্দ্রতা কম থাকলেও তাপমাত্রা বেশি থাকায় গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী ৫ এপ্রিলের পর তাপমাত্রা কমতে পারে। বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপমাত্রা চলমান রয়েছে।
চিকিৎসকরা এই তাপদাহে সবাইকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বেশি করে পানি পান, হালকা খাবার গ্রহণ এবং রোদ থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছেন ।
Comments